প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১২:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১২:৩১ পিএম
দুই শিশুসন্তানসহ সোনিয়া আক্তার স্মৃতি। ছবি : প্রবা
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতির দুই শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ চার সদস্যের প্রতিনিধি দল স্মৃতির রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গার বাড়িতে গিয়ে দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তাদের আর্থিক সহায়তা দেয় বিএনপির এই প্রতিনিধি দল। সোনিয়াকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীও উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।
শামা ওবায়েদ বলেন, ‘সোনিয়া আক্তার স্মৃতিকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে।’
তিনি বলেন, ‘দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। আপনারা শহীদুল আলমের কথা শুনেছেন, মাহমুদুর রহমানের কথা জানেন, মোস্তাকের কথা ভুলে যায়নি- এরকম বহু সাংবাদিক, ব্লগার যারা সামাজিক মাধ্যমে বা পত্রপত্রিকায় লেখা বা তাদের মুক্তচিন্তার কারণে সরকারের রোষানলে পড়েছেন।’
গত সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সামসুল আরেফিন চৌধুরী সোনিয়া আক্তার স্মৃতির ফেসবুকে দেওয়া এক পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৩১ আগস্ট স্মৃতি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ মন্তব্য করে লেখেন। পোস্টটিতে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রবা/ইউরি/ এসআর