পরিত্যক্ত পলিথিন কেনার হাট
মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২৩:০৩ পিএম
মৌলভীবাজার শহরে দেশের প্রথম পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কেনার হাট পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন এমপি। মঙ্গলবার (২৫ জুলাই) পৌরসভার মেয়র চত্বরে তিনি এ হাট পরিদর্শন করেন।
মো. শাহাবউদ্দিন বলেন, ‘মৌলভীবাজার পৌরসভার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। পরিবেশ সংরক্ষণে এটি একটি অনন্য উদ্যোগ। দেশের প্রতিটি পৌরসভারকে এ ধরনের উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করব। পলিথিন থেকে তেল বের করা সহজসাধ্য। যদি প্রক্রিয়া করে এ তেল বের করা যায়, তবে সার্বিকভাবে দেশ লাভবান হবে।’
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা প্রশাসক ঊর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক যত্রতত্র ফেলায় মাটির গুণাগুণ নষ্ট এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো পোড়ালে সৃষ্টি হয় কার্বন, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব থেকে উত্তরণে সপ্তাহে এক দিন হাট বসিয়ে নাগরিকদের কাছ থেকে প্রতি কেজি ৫০ টাকা দরে পলিথিন কিনছে পৌর কর্তৃপক্ষ।
শুরু থেকেই এ হাট জমে উঠেছে। দিন দিন তা আরও বড় হচ্ছে। পরিবেশবিদসহ বিভিন্নজন এমন উদ্যোগের প্রশংসা করছেন। সর্বশেষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন হাট পরিদর্শন করলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই প্রথম হাটে ৪৯৭ কেজি, ১৬ জুলাই দ্বিতীয় হাটে ১ হাজার ৫৪০ কেজি এবং সর্বশেষ গতকালের হাটে তিন টনের অধিক পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কেনা হয়েছে।
মেয়র ফজলুর রহমান জানিয়েছেন, আপাতত ক্রয়কৃত পলিথিন ও প্লাস্টিক শহরতলির জগন্নাথপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে বিনষ্ট করা হবে। তবে ভবিষ্যতে যদি কোনো প্রতিষ্ঠান প্রক্রিয়াজাতকরণের জন্য এসব কিনতে চায়, তাহলে বিক্রি করা হবে।