নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৫:০১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৮:১৫ পিএম
নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরির্দশনে গিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। প্রবা ফটো
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আগামী ১ আগস্ট থেকে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে বলেও জানান তিনি। গত ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরির্দশনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা লিংক প্রকল্পের জন্য গত ডিসেম্বর থেবকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যোগাযোগ বন্ধ ছিল। আগামী পহেলা আগস্ট থেকে এই পথে সচল করে দেওয়া হবে। প্রকল্প থেকে ঠিকাদার নিজেকে প্রত্যাহার ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের সঙ্গে পদ্মা লিংকের সমন্বয়সহ বিভিন্ন কারণে এই পথে রেল সেবা সচল করা যায়নি। আগামী পহেলা আগস্ট থেকে আগের মতো ট্রেন চলাচল করবে।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মিটারগেজ রেললেইনের সমান্তরালে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের চায়নিজ ঠিকাদার কাজ করতে অপরাগতা প্রকাশ করেছে। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়হীনতা, শহর এলাকায় নানা ইউটিলিটি সার্ভিস জড়িত থাকায় যথা সময় জমি হস্তান্তর করতে না পারা ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে ঠিকাদার প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তাই এই প্রকল্পের জন্য আবার নতুন করে টেন্ডার করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করা যাবে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, চাষাঢ়া রেল ক্রসিংয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওভার পাস বা আন্ডার পাসের দাবি করে আসছিলেন যা রেলওয়ের পক্ষে সম্ভব না। কারণ লাইন উপরে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পদ্মা লিংক প্রকল্পের ঢাকা-ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি আরও বলেন, আমাদের ঢাকা-যশোর পর্যন্ত মোট ১৭১ কিলোমিটার রেলপথ পদ্মা সেতুকে অতিক্রম করে প্রকল্পটি অগ্রসর হচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের সময় রয়েছে। আগামী সেপ্টেম্বররের প্রথম সাপ্তাহের মধ্যেই একটি পূর্ণাঙ্গ রেল নিয়ে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে। এটি ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই পরীক্ষামূলক রেল চলাচলের পর প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। তিনি সময় দিলেই উদ্বোধনের সময় নির্ধারণ করা হবে।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ে পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।