ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৮:১৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৮:২৫ পিএম
দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সিঁদুর খেলায় মেতেছেন ঠাকুরগাঁওয়ের বধূরা। অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর সিঁদুর খেলার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে। সনাতন ধর্মাবলম্বী নারীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে মণ্ডপে।
বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানো ও সিঁদুর উৎসবের মধ্য দিয়ে বুধবার (৫ অক্টোবর) শেষ হলো বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ব্যস্ত ভক্ত ও অনুরাগীরা। এরপর তারা একে অপরকে সিঁদুর মাখিয়ে দেয়। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেবীমূর্তির সামনে সেলফি তুলতে ব্যস্ত অনেকেই।
আশ্রমপাড়া মণ্ডপে কথা হয় তিথি দত্তর সঙ্গে। তিনি বলেন, ‘এই রীতির অন্যতম গুরুত্ব হলো স্বামীর দীর্ঘজীবন কামনা। দুর্গার জন্য একটা বছরের অপেক্ষা করতে হবে। তাই এ কঠিন সময়েও আনন্দ ভাগাভাগি করতে চাই আমরা।’
মণ্ডপে আসা রত্না হরি জানান, ‘দুর্গাপূজার সর্বশেষ আনুষ্ঠানিকতায় ছিল দর্পণ বিসর্জন। দেবী দুর্গার সামনে একটি জলভর্তি পাত্রে আয়না রেখে তাতে মায়ের প্রতিচ্ছবি আনা হয়। এর মধ্য দিয়েই শেষ হয় শাস্ত্রমতে পূজার আনুষ্ঠানিকতা। দর্পণ বিসর্জনের পর মন্দিরে শুরু হয় সিঁদুর উৎসব। হিন্দু নারীরা মায়ের পায়ে সিঁদুর দিয়ে তাদের ভক্তি জানান। পরে মেতে ওঠেন সিঁদুর খেলা আর মিষ্টিমুখ করার উৎসবে।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি অরুনাংশ দত্ত টিটো বলেন, ‘এ বছর দেবী দুর্গা এসেছেন হাতিতে আর যাবেন ঘোড়ায় চড়ে। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রার্থনা করেছি যেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মঙ্গল করেন।’
প্রবা/ইউরি/টিই