চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৭:৪৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৭:৫৪ পিএম
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম মিরসরাই উপজেলার ভোটারদের কাছে ভোট চেয়েছেন। তার প্রতীক আনারস।
মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বুধবার (৫ অক্টোবর) দুপুরে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে তিনি ভোটাদের সমর্থন কামনা করেন।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল।
মতবিনিময় সভায় পেয়ারুল বলেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মান বাড়াতে কাজ করবেন। আধুনিক চট্টগ্রাম শহর গড়ে তুলতে তার বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে।
নিজের আনারস প্রতীকে ভোটারদের কাছে ভোট চেয়ে তিনি আশা প্রকাশ করেন, মিরসরাই উপজেলা থেকে তিনি শতভাগ ভোট পাবেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের মিরসরাই থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএইচ আবু তৈয়ব প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মিরসরাই ও ফটিছড়ি উজেলার বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা। আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।