বগুড়া অফিস
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৯:০৭ পিএম
জোবেদা বেওয়াকে সকালে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
বগুড়ায় জিন্নাহ মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় জোবেদা বেওয়া নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৪ জুলাই) ভোরে সদর উপজেলার বড় কুমিড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জোবেদা বেওয়া ওই এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী। তিনি জিন্নাহ হত্যা মামলায় দুই নম্বর আসামি। মামলার এক নম্বর আসামি জোবেদা বেওয়ার ছেলে জেলহক।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে দুপুরে এসব তথ্য জানিয়েছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জেরে প্রতিবেশী জেলহকের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান জিন্নাহ। তিনি পেশায় দর্জি। বড় কুমিড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে জিন্নাহ। গতকাল জিন্নাহকে হত্যার দায়ে তার পরিবার মা-ছেলের নামে হত্যা মামলা করে। সেই মামলায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি জেলহকের মা জোবেদা বেওয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জোবেদার বরাত দিয়ে মীর মনির হোসেন বলেন, আগে থেকেই জিন্নাহর পরিবারের সঙ্গে পারিবারি কলহ চলছিল। সেই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে জেলহক রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত ধারালো বাটাল দিয়ে জিন্নাহর পেটে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে। মামলার এক নম্বর আসামি জেলহককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’