চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ০০:২৪ এএম
মো. মহিউদ্দিন বাচ্চুর গণসংযোগকালে কথা বলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রবা ফটো
বাংলাদেশের ওপর বিদেশি শকুনের আগ্রাসী কু-দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন চায় না। শুধু ক্ষমতা চায়। এজন্য তারা বিদেশে লাখ-কোটি ডলার বিনিয়োগ করে শকুন রূপি লবিস্ট নিয়োগ করেছে। এ কারণে বাংলাদেশে বিদেশিদের ঘন ঘন আনাগোনা বেড়েছে।’
রবিবার (২৩ জুলাই) বিকালে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মহানগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ‘উন্নত দেশের কিছু রাষ্ট্রদূত জোট বেঁধে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূতভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অবাঞ্চিত কথাবার্তা বলছে। নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে। তাদের কাছে আমরা জানতে চাই, ওই সমস্ত দেশে মানবাধিকার আছে কি না? তাদের নির্বাচন ব্যবস্থা কী রকম? নির্বাচনের আগে তাদের দেশের সরকার প্রধান পদত্যাগ করে কি না? জাতীয় সংসদ ভেঙে দেয় কি না?’
তিনি বলেন, ‘বিএনপি এক দফার ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন শান্তিপূর্ণ হলে কোনো সমস্যা নেই। অতীতের মতো তাদের অভিযানে শান্তি বলে কোনো শব্দ নেই। কেননা অতীতে দেখেছি, তারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করেছে। টানা ৯০ দিন হরতাল অবরোধ করে কম করে হলেও ৯ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ নষ্ট করেছে। এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এই অশান্তির বিরুদ্ধে আমরা সর্বশক্তি নিয়োগ করে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে এলাকাবাসীর উদ্দেশে আমিন বলেন, ‘আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং নৌকার বিজয় নিশ্চিত করে বাংলাদেশের জয় যাত্রায় শরিক হোন।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্বাচন হবে এবং সেটা সংবিধান সম্মতভাবেই হবে। বিএনপি চায় তাদের পছন্দ ও ছক অনুযায়ী নির্বাচন হোক। এটা তাদের কল্পনাপ্রসূত স্বপ্ন। বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নেতিবাচক পথে এগিয়ে আসছে। এজন্যই তারা নির্জলা মিথ্যাচার করে বিদেশের কাছে করুণা প্রার্থী হয়েছেন।’
মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমি নির্বাচিত হলে এলাকাবাসীর আশা পূরণে সচেষ্ট থাকব এবং পর্যবেক্ষণের আলোকে সেবা প্রদানসহ আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রাধিকার দেব।’
গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, এবং হাজী বেলাল আহমদ, মমিনুল হক, সিদ্দিক আহমদ, দিদারুল আলম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।