বগুড়া অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২০:২৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২০:৫৮ পিএম
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারের সঙ্গে বিএনপির কর্মীরা। ছবি: সংগৃহীত
তিনদিনের রিমান্ড শেষে আবারও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৩ জুলাই) বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ আদেশ দেন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর অশোক কুমার সিংহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২০ জুলাই) বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আলী আজগর হেনা এবং মাজেদুর রহমানকে আলাদা তিন মামলায় একদিন করে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।
অশোক কুমার সিংহ জানান, তিনদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করলে কোনো জামিন শুনানি না থাকায় আবারও তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে প্রথম দফা এবং দুপুর ১টার দিকে শহরের নওয়াববাড়ি এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এতে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আহত হন।
এ সময় বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয়। পুলিশের টিয়ারশেলে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একইদিন বগুড়ার দুপচাঁচিয়ায় আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীণ শাহ্ ফতেহ আলী পরিবহনের চারটি বাসও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ দলের ১৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ আনা হয়।
গাড়ি ভাঙচুরের অপর মামলা করা হয় দুপচাঁচিয়া থানায়। শাহ্ ফতেহ্ আলী পরিবহনের চালক ফেরদাউসের করা মামলায় দুপচাঁচিয়া এলাকার বিএনপির ২২ নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার পর রাতেই পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করে। দুজনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে দুপচাঁচিয়ায় গাড়ি ভাঙচুরের মামলায় আবু বক্কর, তামিম ও রাজু নামে স্থানীয় তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।