স্থানীয় প্রশাসনের উদ্যোগ
ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৬:৫৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৭:১৩ পিএম
বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদ হাসান। প্রবা ফটো
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার পাচুরিয়া ইউনিয়নের যুগিবরহাট গ্রামের ৩০/৩৫ জনকে তাদের নিজ বাসাবাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। গেল দেড় বছর ধরে হামলা-মামলার ভয়ে তারা গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে মানবেতর জীবনযাপন করে আসছিলেন।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে শনিবার (২২ জুলাই) এক অনুষ্ঠানে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের শপথ বাক্যও পাঠ করানো হয়। পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানেরে উদ্যোগে ওই বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদ হাসান।
বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।
তিনি বলেন, গত বছর জুলাই মাসে গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শরিফুল নামে একজনকে হত্যা করা হয়। এর পর থেকেই ওই ব্যক্তিরা ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামটিতে আগামীতে যেন আইনশৃঙ্খল পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়। এই প্রেক্ষাপটে ওই ব্যক্তিরা পরিবারের কাছে ফিরে এসেছে। শান্তিপূর্ণ সমাজ গড়তে তারা প্রতিশ্রুতিও দিয়েছেন। বলেছেন, আগামীতে তারা কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কাজে জড়াবেন না। কেউ জড়ানোর চেষ্টা করলে তাকে প্রশাসনের কাছে তুলে দেবেন।