× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থমথমে চনপাড়া পুরুষশূন্য, খোলেনি দোকানপাট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৬:৩৭ পিএম

শুক্র ও শনিবারের দুই গ্রুপের সংঘর্ষের পর সুনসান চনপাড়া বস্তি এলাকা। প্রবা ফটো

শুক্র ও শনিবারের দুই গ্রুপের সংঘর্ষের পর সুনসান চনপাড়া বস্তি এলাকা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারসহ অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে কয়েক মাস ধরেই দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। সবশেষ শুক্রবার (২১ জুলাই) রাতে শুরু হওয়া সংঘর্ষ শনিবার দুপুর পর্যন্ত চলে। এরপরই পুরুষশূন্য হয়ে পড়েছে চনপাড়া। 

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা অপরাধে জড়াচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি এসব অপরাধ দমনে অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা ঘুরে দেখা গেছে, নারী-পুরুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট বন্ধ রয়েছে। অলি-গলিতে নেই মানুষের আনাগোনাও। সাধারণ বাসিন্দারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। পুলিশ সদস্যরা চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মোড়ে অবস্থান নিয়ে রয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কয়েকজন বলেন, চনপাড়ায় যে কয়েকটা গ্রুপ রয়েছে প্রত্যেক গ্রুপের প্রধানরা স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির অনুসারী। আর রাজনৈতিক শেল্টারের কারণেই এমন ঘটনা বারবার ঘটছে। মিছিল মিটিং হলে তাদের যেতে হয়। না গেলে নির্যাতন অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন তারা। 

এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সময় নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘চনপাড়ার অশান্তি থেকে অন্য এলাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে দিনমজুরের কাজ করে পেট চালামু, তবুও এখানে থাকমু না। আমার মতো অনেকেই অন্যত্র চলে গেছে।’ 

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে শমসের গ্রুপের সঙ্গে জয়নাল গ্রুপের ফের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ’চনপাড়ায় ছোট এরিয়ায় লাখো মানুষের বসবাস। ছোট ছোট ঘর। ছোট ছোট গলি। সংঘর্ষের ঘটনাগুলো ঘটায় রাতের অন্ধকারে। এতে করে পুলিশকে সেখানে গিয়ে সংঘর্ষ থামাতে এবং অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়। দিনের বেলায় তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান চলবে।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আবীর হোসেন বলেন, ‘মাদক কারবারিসহ অপরাধীদের গ্রেপ্তারে এবং মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চনপাড়া একাধিকবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন আমরা ছাড় দিচ্ছি না এবং দেব না। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা