আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৬:১৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৬:৪৬ পিএম
আগুনে পুড়ে ছাই দুটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান। প্রবা ফটো
ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে গ্যারেজে রাখা দুটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাত ১১টায় গ্যারেজ বন্ধ করে বাড়িতে চলে যান গ্যারেজ মালিক আল আমিন অঙ্কুর। ভোরে স্থানীয়দের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে যায়। গ্যারেজের কাছে গিয়ে দেখেন তার গ্যারেজে রাখা মোটরসাইকেল ও অটোভ্যানে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত গ্যারেজ মালিক আল আমিন অঙ্কুর, ব্যবসায়ী মো. রাসেল ও ঠিকাদার মামুন।
গ্যারেজ মালিক আল আমিন অঙ্কুর বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে গ্যারেজে গিয়ে দেখি আমার গ্যারেজে আগুন জ্বলছে। এ সময় গ্যারেজে তালা লাগানো ছিল। আমি মনে করি কেউ গ্যারেজের পেছনের দেয়াল টপকে এসে আগুন ধরিয়ে দিয়ে গেছে।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রাসেল বলেন, ’আমার বাসার নিচের গ্যারেজে আগুন লাগার মতো কোনো যন্ত্রাংশ ছিল না। মেইন গেটের পকেট গেট খোলা ছিল। ভোরবেলা আমার বাসার নিচে কেউ এসে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে। প্রায় একই সময় দুটি মোটরসাইকেল ও অটোভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ’এ ঘটনায় গ্যারেজ মালিক আল আমিন অঙ্কুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’