মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২০:১৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ২০:৪১ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাই ভাই কাটিং সেলুনে লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রবা ফটো
কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক ফজলে রাব্বীর হাত ধরে যাত্রা শুরু হয়েছে সেলুন লাইব্রেরির। শনিবার (২২ জুলাই) উপজেলার মসূয়া বাজারের ভাই ভাই হেয়ার কাটিং নামে একটি সেলুনে এ লাইব্রেরি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফজলে রাব্বী ওই এলাকার মাওলানা এখলাস উদ্দিনের ছেলে। সে ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত।
ফজলে রাব্বী বলেন, বই জ্ঞান-মননের পরিধি বাড়ায়। তাই চুল কাটতে আসা মানুষের অবসরের সময় কাজে লাগাতে এ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। আপাতত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সুকুমার রায়ের তিনটি বই ও সাইফুল হক মোল্লা দুলুর মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের বীরত্বগাথাসহ ১০টি বই দিয়ে শুরু করেছি। আগামী দিনে বইয়ের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
সেলুন মালিক বিশাল রবিদাস জানান, প্রতিদিন ৫০ জনের মতো মানুষ চুল কাটতে আসেন। তাদেরকে অনেক সময় সিরিয়ালে বসে থাকে হয়। এখন থেকে তারা বই পড়ে সময় কাটাতে পারবেন।
রাফিউল ইসলাম নামের এক যুবক বলেন, ‘সেলুন লাইব্রেরি প্রতিষ্ঠার বিষয়টি প্রসংশারযোগ্য। সেলুনে বই পড়ে সময় কাটাতে পারবো। এতে সময় অপচয় হবে না, জ্ঞানের পরিধি বাড়বে।’
আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, `চুল কাটতে এসে মানুষ অবসর সময়ে বই পড়তে পারবে। বই পড়ার মধ্যমে সমাজ অন্যায়-অনাচার, মাদক ও জুয়ার মতো ব্যাধি থেকে মুক্তি পাবে।
জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক সুনম বলেন, জেলায় প্রথম কোনো ‘সেলুন লাইব্রেরি’ প্রতিষ্ঠা হয়েছে। মসূয়া বাজার থেকে তরুণ ফজলে রাব্বীর হাত ধরে যাত্রা শুরু হয়েছে। আমরা তার পাশে আছি।’