× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির তারুণ্যের সমাবেশ

আমিনবাজার ও ঢুলিভিটায় পুলিশের চেকপোস্ট, যানজটে ভোগান্তি

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১১:৪৬ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৭:২৬ পিএম

আমিনবাজার ও ঢুলিভিটায় পুলিশের চেকপোস্টের কারণে যানজটে ভোগান্তি। প্রবা ফটো

আমিনবাজার ও ঢুলিভিটায় পুলিশের চেকপোস্টের কারণে যানজটে ভোগান্তি। প্রবা ফটো

রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও ঢুলিভিটায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিস ও রাজধানীগামী হাজারো মানুষ। 

শনিবার (২২ জুলাই) সকাল থেকেই মহাসড়কটির আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। এ ছাড়া ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকামুখী লেনের পরিবহনগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত চার কিলোমিটার এবং ঢুলিভিটা এলাকায় দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।  

আমিনবাজার চেকপোস্ট ঘুরে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার মাঝে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে ঢাকা জেলা পুলিশের সদস্যরা। বিশেষ করে কোনো হাইয়েস বা মাইক্রোবাস দেখলে থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যানবাহনের কাগজপত্রও চেক করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

রাজধানীর একটি হাসপাতালে যাবেন আশরাফুল ইসলাম মোহন। সকাল থেকে দুই ঘণ্টা যানজটে পড়ে ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। এর জন্য সকাল ৭টার দিকে সাভারের রেডিও কলোনি থেকে নিজস্ব গাড়িতে ঢাকায় একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। বলিয়ারপুর থেকে সালেহপুর পর্যন্ত দুই ঘণ্টা জ্যামে আটকে ছিলাম।’

প্রাইভেটকার চালক আব্দুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। ৫ মিনিটের রাস্তা পাড় হতে পারছি না।

রাজধানীর পূর্বাচলে একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার মো. নাজমুল। তিনি আশুলিয়া থেকে সকাল ৬টার দিকে বাসে উঠেন। কিন্তু আশুলিয়া বাজারের আগে যানজটে পড়েন। তিনি বলেন, ‘মোটামুটি তিন ঘণ্টা লেগেছে আশুলিয়া পার হতে। পুলিশ গাড়ি দাঁড় করাচ্ছে আর চেক করতেছে। আজ অফিসে যেতে লেট হয়ে গেছে।’

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা আমিনবাজারে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। এখানে একজন সার্জেন্টের সহায়তায় ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। এছাড়া রাজধানীতে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম হওয়ার কথা, সেই প্রোগ্রামের নিরাপত্তার স্বার্থে আমরা সন্দেহভাজন ব্যক্তি ও পরিবহনগুলোতে তল্লাশি করছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশ করে কেউ যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক বিভাগের নিয়মিত যেই কার্যক্রম, বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করা, সেটি করা হচ্ছে। 

চেকপোস্টের কারণে সৃষ্ট যানজটে মানুষের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যানজট তো না, আসলে চেকপোস্টের কারণে গাড়ি একটু ধীরগতিতে চলছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ আছে এ কারণে ঢুলিভিটা এলাকায় ঢাকামুখী লেনের পরিবহনগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেন কেউ ঢাকায় প্রবেশ করে নাশকতা সৃষ্টি করতে না পারে। অনেক সময় তো তারা (বিএনপি) নিজেরা নিজেরা সমস্যা সৃষ্টি করে অন্যদের নাম দেয়। তবে চেকপোস্ট থেকে কাউকেই আটক করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা