কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২২:৫৮ পিএম
চেক জালিয়াতির মাধ্যমে মাদ্রাসা তহবিলের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর ফারুককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সময় তাকে পাঁচ লাখ টাকা জরিমানার রায়ও দেওয়া হয়। বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী অঞ্চলের বিশেষ আদালতের বিচারক এএনএম মোরশেদ আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
গত বুধবার দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, ওমর ফারুক আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ থাকাকালে পরিচালনা কমিটির অজান্তে চেক জালিয়াতির মাধ্যমে মাদ্রাসার তহবিল থেকে ৪ লাখ ৮৪ হাজার ৮৯৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার বিরুদ্ধে এ রায় দেন।