বরিশাল অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ২১:০৬ পিএম
রইস উদ্দিন আহমেদ মান্না। ছবি : সংগৃহীত
নানা ঘটনায় আলোচিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইস উদ্দিন আহমেদ মান্না এবার দায়িত্ব পেয়েছেন শ্রমিক লীগ বরিশাল মহানগর কমিটির। শ্রমিক নেতা পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও রইস উদ্দিন আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ঠ কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক একেএম আযম খসরু স্বাক্ষরিত কমিটির অনুমোদনপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ১৮ জুলাই এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ৬ জন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সম্পাদক, ছয়জন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক, একজন প্রচার সম্পাদক ও আটজন কার্যনির্বাহী সদস্যর নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২২ জুলাই মান্নাকে আহ্বায়ক করে মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। দুই সন্তানের পিতা পরিবহন ব্যবসায়ী এই নেতাকে ছাত্রলীগের আহ্বায়ক করা নিয়ে তখন ব্যাপক বির্তক হয়েছিল।
তৎকালীন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিন মাসের মধ্যে সম্মেলন করে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দিয়েছিলেন। কিন্তু তারা ১১ মাসেও কমিটি গঠন করতে পারেনি।
গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মানোনয়ন বঞ্চিত বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ্ ও তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ্ ওরেফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের মাধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। ১৪ মে সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্র তিন কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মান্নার বিরুদ্ধে। ওই ঘটনায় মান্নাসহ অন্তত ৬৫ জনের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনসহ হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা হয়। ওই রাতে মান্নাকে নগরীর হাসপাতাল রোড থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরিস্থিতি সামাল দিতে ওই রাতেই ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।
প্রায় একমাস কারাভোগের পরে জামিনের মুক্তি পান মান্না।