ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৮:৩১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৮:৫৫ পিএম
গরু চুরির মামলায় চোর চক্রের মূলহোতার ছয় স্ত্রীসহ গ্রেপ্তার ১০জনকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো
ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে গরু চুরির মামলায় চোর চক্রের মূলহোতার ছয় স্ত্রীসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ছয়টি গরু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গরু চুরির মামলায় গ্রেপ্তার দশজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গংগাপুর ইউনিয়নের শাকিল, কুতুবা ইউনিয়নের মহিউদ্দিন, ভোলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের রমজান, মাহাবুবুর রহমান, একই এলাকার রহিমা বেগম, বুশরা বেগম, ফাতেমা বিবি, জাকিয়া আক্তার, ফাহিমা আক্তার ও লিয়া বেগম।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে একটি মাদ্রাসার গরু রাখার স্থানে অভিযান চালাই। অভিযানে ছয়টি গরু, একটি মোটরসাইকেল, একটি পাম্প মেশিন উদ্ধার করি। এ সময় ওই মাদ্রাসার চার শিক্ষার্থী এবং চোর চক্রের মূলহোতা নেছার উদ্দিনের ছয় স্ত্রীকে আটক করা হয়।
তিনি বলেন, গরুর মালিক থানায় মামলা করলে আজ দশজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাই। আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন।
গরুর মালিক আব্দুস সোহবানের নাতি ইমরান হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমার নানার তিনটি এবং একই এলাকার আব্দুল বারেকের তিনটি গরু চুরি হয়। এরপর থেকে আমরা গরুগুলো খুঁজতে থাকি। একপর্যায়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আহম্মাদিয়া মাদ্রাসায় গিয়ে একটি কক্ষে টিনের ছিদ্র দিয়ে গরুগুলো দেখি। এ সময় গরুগুলো দেখার চেষ্টা করলে এক নারী আমাদের দিকে মরিচের গুড়া ছিটিয়ে বটি নিয়ে তেড়ে আসে। আমরা পুলিশকে জানালে অভিযান চালিয়ে গরু উদ্ধার এবং দশজনকে গ্রেপ্তার করে পুলিশ।