সুনামগঞ্জে নাগরিক সংলাপে বক্তারা
সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২১:৩৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২২:৫২ পিএম
সুনামগঞ্জে ‘আকস্মিক বন্যা প্রতিরোধ ও শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা। ছবি : প্রবা
শহরের খাল উদ্ধারই শেষ নয়, সঙ্গে খননের উদ্যোগ নিতে হবে। শহরের অনেক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের জন্য মাটি ভরাটের প্রয়োজন রয়েছে। তাদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা নিয়ে দ্রুত খনন কার্যক্রমের উদ্যোগ নিন। খনন কার্যক্রমে বিলম্ব হলে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া দিতে হবে। খাল খননের পর দুই পাশে রক্ষাপ্রাচীর, লুপ ও ওয়াকওয়ে নির্মাণ এবং বৃক্ষরোপণ করা যেতে পারে। এতে পার্কের মতো আবহ তৈরি হবে। শহরের সৌন্দর্যও বাড়বে।
সুনামগঞ্জে ‘আকস্মিক বন্যা প্রতিরোধ ও শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ সামসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এই সংলাপের আয়োজন করে জনউদ্যোগ সুনামগঞ্জ নামে একটি সংগঠন।
বক্তারা বলেন, সকলে মিলে খাল রক্ষণাবেক্ষণ করতে হবে। সর্বোপরি খাল এভাবে করতে হবে, যাতে নদীর পানি বাড়লে খাল দিয়ে সেই পানি হাওরে যেতে পারে। সুনামগঞ্জ পৌর শহরের উন্নয়নে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের যুক্ত করে ১০০ বছরের মাস্টারপ্ল্যাান করতে হবে।
নগরায়ণের ফলে ঝাওয়ার হাওর ভরাট হয়ে যাচ্ছে উল্লেখ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, শহরের সব হাওরের মুখ ঝাওয়ার হাওরে গিয়ে শেষ হয়েছে। কিন্তু নগরায়ণের ফলে ঝাওয়ার হাওরই ভরাট হয়ে যাচ্ছে। শহরের পানি নিষ্কাশনের বিকল্প চিন্তাভাবনাও আমাদের করতে হবে। অপরিকল্পিত নগরায়ণের ফলে ষোলঘরের পূর্ব দিকে প্রায় সারা বছরই জলাব্দ্ধতা থাকে। খাল উদ্ধারের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এখন সময়ের দাবি।
জনউদ্যোগ সুনামগঞ্জের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সমাজকর্মী নির্মল ভট্টাচার্য্য, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা কবি ও লেখক কুমার সৌরভ, দৈনিক সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক মাহবুবুল হাছান শাহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম, ব্রাকের জেলা সমন্বয়ক একে আজাদ, সাংবাদিক আনোয়ারুল হক, চন্দন কুমার রায়, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, অবসরপ্রাপ্ত শিক্ষক মানব চৌধুরী, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, কানিজ সুলতানা, সাংবাদিক আকরাম উদ্দিন, থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক সজীব দে, স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান ও মোশফিকুর রহমান স্বপন।