রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৭:২৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৯:৫১ পিএম
রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের শান্তি সমাবেশ। প্রবা ফটো
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে বুধবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কাঞ্চন মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল থেকেই উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন, কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়েও নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়। বেলা ১১টার দিকে সভাস্থল কানায় কানায় ভরে গেলে সমাবেশস্থল জনসভায় রূপ নেয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্যে দেন, কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগ সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু দাউদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহমান, করিম পাঠান, সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কাঞ্চন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, আওয়ামী মহিলা লীগের স্বপ্না আক্তার, মিনারা আক্তারসহ অনেকে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম বলেন, ’১৮ জুলাই পদযাত্রার নামে বিএনপি-জামায়াত দেশে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টি করেছে, এতে জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চায় ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে, যা কখনোই সম্ভব না। বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে দেশ-বিদেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা কখনোই সফল হতে দেওয়া হবে না। আমরা আওয়ামী লীগের সবাই একত্রিত হয়ে তা প্রতিহত করব।’
সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার রুপসি-কাঞ্চন সড়কের মায়ারবাড়ি, কাঞ্চন বাজার, মুড়াপাড়া বাজার, রুপসি, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, আধুরিয়া, ছনপারা ও ছনপাড়া ভোলাবো সড়কের চারিতালুক, ভোলাবহসহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।