টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৮:০৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৮:৪২ পিএম
টেকনাফে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় ৭০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে বিতরণ করা হয়েছে এতিমখানায়।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাছঘাটে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নাজমুল হাসান, টেকনাফ নৌপুলিশের ওসি বিদ্যুৎ ও উপজেলা মৎস্য অফিসের সহকারী শহিদুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ’সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সরকার ঘোষিত সময়কালে (২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত) সাগর থেকে মাছ আহরণে নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’