কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১১:২২ এএম
কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থাপিত অপারেশন থিয়েটার-২ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : প্রবা
উপজেলা পর্যায়ের হাসপাতালে সেবার মান উন্নয়নে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস ও ব্লাড ব্যাংক চালুর পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে জেলা ও উপজেলা হাসপাতালগুলোয় ২৪ ঘণ্টা প্রসূতি সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সোমবার (৩ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।
জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে কক্সবাজারে মেডিকেল কলেজ চালু হয়েছে। বিদেশি অর্থায়নে হাসপাতাল চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বিদেশি অর্থায়নের সংস্থান না হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব অর্থায়নে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার।
মন্ত্রী বলেন, কক্সবাজারে ১২ লাখের অধিক রোহিঙ্গার কারণে স্থানীয়দের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। সীমিতসংখ্যক ডাক্তার ও জনবল দিয়ে স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কক্সবাজারের স্থানীয়দের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।
এর আগে দুপুরে মন্ত্রী কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, শেখ রাসেল শিশু ওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে জেলা সদর হাসপাতালে স্থাপিত অপারেশন থিয়েটার-২ উদ্বোধন করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রবা/রাই/জেও