× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদীপ্ত হত্যায় বিচার শুরুর আদেশ, আওয়ামী লীগ নেতাসহ আসামি ২৪

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৮:২৩ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৯:১৪ পিএম

আসামি আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম। ছবি : সংগৃহীত

আসামি আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম। ছবি : সংগৃহীত

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আদালত আগামী ৩০ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারণ করেছেন।

২০১৭ সালের ৬ অক্টোবর চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার বাসার সামনে প্রকাশ্যে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের পর খুনিরা ছিল অধরা। মামলা তদন্তেও প্রভাবশালীরা প্রভাব বিস্তার করে বলে অভিযোগ আসে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তার ২১ মাস পর আদালত বিচার শুরুর আদেশ দিলেন।

মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। কিন্তু আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে প্রতিপক্ষ সুদীপ্তকে হত্যা করে বলে বাদীপক্ষের অভিযোগ।

মামলার আসামিরা সবাই জামিনে আছেন। অভিযোগ গঠনের সময় আবু জিহাদ সিদ্দিকী নামে একজন বাদে সবাই আদালতে ছিলেন। আদালত ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুদীপ্ত বিশ্বাসের বাবা মেঘনাথ বিশ্বাস।

তিনি বলেন, ‘অনেক দিন পর অভিযোগ গঠন হলো। আমি ন্যায়বিচার চাই। আসামিরা ক্ষমতাবান, প্রভাবশালী। তাই আমি শঙ্কিত।’

মেঘনাথ বলেন, ‘আমি শিক্ষক মানুষ। আর্থিক সক্ষমতা নেই। অ্যাডভোকেট ফি ঠিকমতো দিতে পারছি না। তাই দ্রুত পাওয়ার জন্য দ্রুত বিচার ট্রাইবুন্যালে মামলাটি স্থানান্তরের আবেদন জানাচ্ছি।’ 

এর আগে এ মামলার অভিযোগ গঠন চার দফা পিছিয়ে যায়।

মামলার প্রধান আসামি দিদারুল আলম মাসুম লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগপত্রে তাকে হত্যার ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপু নামে এক আসামিকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পর ১৮ জন গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 

প্রবা/টিকে/টিই



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা