বরিশাল অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৯:৩৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৯:৩৯ পিএম
মেঘনা নদীতে তলা ফেটে ডুবে গেছে ‘প্রিমিয়াম-৫’ কার্গোটি। প্রবা ফটো
বরিশালের মেঘনা নদীতে ক্লিংকার বোঝাই ‘প্রিমিয়াম-৫’ নামের একটি কার্গো জাহাজের তলা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জের উপজেলার উলানিয়া সংলগ্ন মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর ফারুক জানান, ৯৪০ টন সিমেন্ট তৈরির ক্লিংকার (কাঁচামাল) নিয়ে প্রিমিয়াম-৫ নামের কার্গো ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। রবিবার বেলা ১১টার দিকে কার্গোর ইঞ্জিন কক্ষের তলা ফেটে পানি উঠতে থাকে। কার্গোতে থাকা ১২ কর্মচারীকে কোস্টগার্ড সদস্যরা জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি কার্গো থেকে প্রয়োজনীর কিছু মালামাল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে নৌপুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কার্গোর চালক মো. হাসান জানান, কার্গো ও কাঁচামাল প্রিমিয়াম সিমেন্ট কোম্পানির। শনিবার ঢাকা থেকে খুলনার বৈঠাকাটা এলাকার উদ্দেশে রওনা দেয় কার্গোটি। রাতে হরিণাঘাট এলাকায় নোঙর করে। সকালে মেঘনার মল্লিকপুর এলাকায় কার্গোটি হঠাৎ ডুবোচরে ধাক্কা খায়। কিছু সময় পর গ্রিজাররা বের হয়ে জানায়, ইঞ্জিন রুমের টোন প্লেট ফেটে গেছে।