ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৮:৫২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৯:০৯ পিএম
রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় তোফায়েল আহমেদ। প্রবা ফটো
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। ভোলায় ব্যাপক গ্যাস আছে। এ গ্যাস শিল্প কলকারখানায় ব্যবহার করা যাবে।
তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে আটটি গ্যাসকূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। আর ভোলায় দুটি গ্যাসকূপ খনন করলে অন্তত একটিতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে।’
রবিবার (১৬ জুলাই) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।
সভায় এ বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশালী দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ভোলা-বরিশাল নৌরুটে সেতু হবে। ফলে ভোলা থেকে ঢাকায় চার-পাঁচ ঘণ্টায় যাওয়া যাবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান।