বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৮:৫৩ পিএম
গাজীপুরের কাপাসিয়া থেকে ব্যাংক এজেন্টকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো
বগুড়ায় গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) ভোরে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৬ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদুর রহমান। তিনি বগুড়া কাহালু উপজেলার শিলকঁওড় গ্রামের বাসিন্দা। পেশায় কাপাসিয়া পূর্ব লোহাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
বগুড়া কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছন।
তিনি জানান, মাসুদুর রহমান শিক্ষকতার পাশাপাশি উপজেলার আড়োলা বাজারে অগ্রণী ব্যাংকের একটি এজেন্ট শাখা খোলেন। প্রায় ৪ বছর আগে এই শাখা খোলেন। সেখানে শতাধিক গ্রাহক প্রায় এক কোটি টাকার মতো জমা রাখেন। যখন গ্রাহক তাদের প্রয়োজনে টাকা তুলতে গেলে টাকা দিতে গড়িমসি করতেন মাসুদুর। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এলাকা থেজে সটকে পড়েন।
পুলিশ কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ জানান, মাসুদুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি ১৩ জন গ্রাহক একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুদুর রহমান গ্রেপ্তারের খবরে কাহালু থানায় জড়ো হন প্রায় ২০-২৫ গ্রাহক। তারা জানান, কেউ সন্তানকে বিদেশ পাঠানোর জন্য, কেউ হজ্ব করার জন্য - আবার কেউ প্রবাসীদের পাঠানো লাখ লাখ টাকা এই এজেন্ট শাখায় জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন। তারা অগ্রণী ব্যাংকের বগুড়া ও ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাহালু থানায় মাসুদুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রাহকদের একজন আকবর আলী জানান, তার ছেলেরা বিদেশ থাকেন। ছেলেদের পাঠানো ৭ লাখ টাকা আড়োলা এজেন্ট শাখায় রেখে প্রতারিত হয়েছেন।
পুলিশ পরিদর্শক ফিরোজ ওয়াহিদ জানান, এজেন্ট শাখার লোকজন ছাড়াও অগ্রণী ব্যাংকের কোন কর্মকর্তা এই প্রতারণার সঙ্গে জড়িত কি না, তা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।