বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৮:৩১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৮:৫০ পিএম
ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ভেতর দিয়ে মানুষজন সড়ক পারাপার হচ্ছেন। প্রবা ফটো
বগুড়া রেলস্টেশনে পৌঁছনোর আগেই আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার ইঞ্জিন বিকল হয়ে শহরের মাঝপথে থেমে গেছে।
রবিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের সেলিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। সোয়া এক ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় পথচারীরা দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ভেতর দিয়ে চলাচল শুরু করে। পরে আরেকটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনকে বগুড়া রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।
স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসে সান্তাহারগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন। বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছনোর আগেই এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সোয়া এক ঘণ্টা ধরে ট্রেনটি ওই এলাকায় দাঁড়িয়ে থাকে। পরে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে টেনে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, যাত্রীবাহী ট্রেনটি এখনও বগুড়া রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। সান্তাহার থেকে ইঞ্জিন এলে ট্রেনটি আবারও ছেড়ে যাবে। তবে এ ঘটনায় ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে।