× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ পৌরসভার ৫ খাল উদ্ধারে অভিযান শুরু

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২০:০০ পিএম

সুনামগঞ্জ পৌরসভার ৫ খাল উদ্ধারে অভিযান শুরু

সুনামগঞ্জ পৌরসভার পাঁচ খাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র বিপুল সংখ্যক পুলিশ নিয়ে এই উদ্ধার অভিযানে নামেন। দিনভর অভিযান শেষে জেলা প্রশাসন ও পৌরসভার দায়িত্বশীলরা জানান, শহরের পাঁচ খাল উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

পৌর কমিশনার গোলাম সাবেরীন সাবুর পুরাতন বাস স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ দিয়ে শুরু হয় শহরের খামারখাল উচ্ছেদ অভিযান। এরপর মেয়র নাদের বখ্ত নিজে উপস্থিত থেকে অভিযান কর্মীদের দেখিয়ে দিলেন তার মায়ের নামে করা হুসেনিয়া নূরজাহান বখ্ত মাদ্রাসার সীমানাপ্রাচীর। এভাবে একে একে উচ্ছেদ হতে থাকল প্রায় ৫০ বছরে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা।

পৌরসভার গুরুত্বপূর্ণ সাতখালের পাঁচটিরই অস্তিত্ব নেই। অবৈধ দখলদাররা এসব খালে গড়ে তুলেছেন বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্তান ও শিক্ষাপ্রতিষ্ঠান। সবকিছুই যেন উচ্ছেদ হয় এমন দাবিও জানালেন উচ্ছেদকালে উপস্থিত এলাকাবাসী।

পৌর কমিশনার গোলাম সাবেরীন সাবু বলেন, খাল উচ্ছেদ আমিও চাই। তবে এই যেন কার্যকর উচ্ছেদ হয়। খালের শুরু থেকে শেষ পর্যন্ত উদ্ধার না হলে পৌরবাসীর উপকারে আসবে না। খাল উদ্ধার হলে আমার ওয়ার্ডবাসীসহ পৌরবাসীর সঙ্গে আমিও খুশি।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বললেন, দুটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসাসহ ৮৪ জন প্রভাবশালীর দখলে আছে খামার খাল। আমরা চাই সকল স্থাপনা উচ্ছেদ হোক। অভিযান যেন আইন রক্ষা কিংবা আইওয়াসের জন্য না হয়।

পৌর মেয়র নাদের বখ্ত বললেন, খালগুলো কেবল উদ্ধার নয়, খনন এবং উন্নয়ন না করলে আবারও সেগুলো অবৈধ দখলে চলে যাবে। তিনি এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা চান। 

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এক সময়ের প্রবাহমান খালগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি জমি চিহ্নিত করতে কোনো অনিয়ম হবে না বলেও তিনি উপস্থিত সবাইকে আশ্বাস দেন।

দিনভর উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসানুল হক, পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সামান্য বৃষ্টি হলেই সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ঘরে ঢুকে ময়লা পানি। শহরের পানি নিষ্কাশনের প্রধান পাঁচটি খাল অবৈধভাবে দখলে যাওয়ায় এমন দুর্ভোগ সুনামগঞ্জবাসীর বহুদিনের। প্রায় দুই লাখ মানুষকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আইবিদ সমিতি (বেলা) শহরবাসীর পক্ষে উচ্চ আদালতে রিট করলে আদালত অবৈধ দখলদারদের উচ্ছেদ করার আদেশ দেন। আদালতের এই আদেশ প্রতিপালনেও বিলম্ব হচ্ছিল। শেষে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এবং শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন আন্দোলনে নামলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা