চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৯:৩১ পিএম
ছবি: প্রবা ফটো
যুবকরা যত বেশি প্রশিক্ষিত হবে, দেশ তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
শনিবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, ‘এলডিসিভুক্ত থাকার সময়ে আমরা স্বল্প সুদে ঋণ পেতাম। বিনা পয়সায় প্রশিক্ষণ করার সুযোগ পেতাম। ২০২৬ সালের পর এগুলো আর পাব না। তাই এখন আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কম উৎপাদন খরচে আমাদের পণ্যের গুণগত মান ভালো রাখতে হবে। যারা মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবে তারাই বাজারে প্রভাব বিস্তার করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘যাদের বয়স ৭০-৮০ বছর তারা অর্থনৈতিক দিক থেকে দেশের জন্য বোঝা। তাদের কাছ থেকে সরকার অর্থনৈতিক কোনো সুবিধা পায় না। কিন্তু যাদের বয়স ১৫ থেকে ৬৩ মধ্যে থাকে তারা উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত থাকেন। তাদের কাছ থেকে সরকার অর্থনৈতিক সুবিধা পায়। তাই দেশকে এগিয়ে নিতে হলে এই বয়সের কর্মক্ষম জনগোষ্ঠীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের চট্টগ্রাম অফিসের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিটাক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) ফারহানা আক্তার, সাবেক পরিচালক সুভাস চক্রবর্তীও বক্তব্য রাখেন।
বিটাকের অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে সরকার যেসব গোল সেট করেছেন যুব সমাজকে কাজে লাগাতে পারলে আমরা নির্ধারিত সময়ের আগেই সেই গোল অর্জন করতে পারব। বেতন বাড়ানোর পেছনে না দৌঁড়ে নিজের দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়ালে বেতন এমনিতেই বেড়ে যাবে।’
আলোচনা সভা শেষে দুইজন সেরা প্রশিক্ষককের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি বিটাক থেকে প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে বিটাক চট্টগ্রাম কার্যালয় থেকে একটি র্যারি বের করা হয়। নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে এটি পুনরায় বিটাক কার্যালয়ে এসে শেষ হয়।