বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:৩৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৭:১৯ পিএম
সাঙ্গু নদী। সংগৃহীত
বান্দরবানের রুমা-থানচি ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মার্চ থেকে ওই এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে বান্দরবান সেনানিবাস সদর দপ্তর থেকে গত ১২ জুলাই এক চিঠি দিয়ে রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এরপরই স্থানীয় প্রশাসন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।
তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলাসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
অবশ্য রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্যান্য উপজেলায় আগের মতো স্থানীয় ও বিদেশি পর্যটকরা আজ থেকেই ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
পরে কয়েক দফা বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি, আলীকদম উপজেলায়ও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ক্রমান্বয়ে রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল ছিল।