কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১১:৫০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১২:০৭ পিএম
বান্দরবানের তুমব্রু সীমান্ত। ফাইল ফটো
বান্দরবানের তুমব্রু সীমান্তে শূন্যরেখায় বসবাসরত এক রোহিঙ্গা তরুণ মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরও একজন আহত হয়েছেন।
রবিবার (২ অক্টোবর) সকালে তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান ওই শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা দীল মোহাম্মদ।
নিহতের নাম ওমর ফারুক (১৮)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ৩ নম্বর ব্লকের বাসিন্দা। আর আহত মো. সাহাবুল্লাহ ওরফে আব্বুইয়া একই ক্যাম্পের ১০ নম্বর ব্লকের বাসিন্দা।
নিহতের স্বজনদের বরাতে দীল মোহাম্মদ বলেন, সকালে তুমব্রু শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী তরুণ ওমর ফারুক ও সাহাবুল্লাহ মিলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে মাছ ধরতে যান। একপর্যায়ে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূরে মেধা পাহাড় এলাকায় পৌঁছালে আকস্মিক মাইন বিস্ফোরিত হয়।
তিনি বলেন, ‘এ বিস্ফোরণে ওমর ফারুকের হাঁটুর নিচ পর্যন্ত দুই পা উড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনায় সামান্য আহত হন সাহাবুল্লাহ। বিকালে বিষয়টি জানাজানি হয়।’
রোহিঙ্গাদের এ কমিউনিটি নেতা জানান, সন্ধ্যায় জানাজা শেষে ওমর ফারুকের মরদেহ শূন্যরেখার করবস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ চৌধুরী বলেন, ‘শূন্যরেখায় বসবাসকারী এক তরুণ মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মারা যাওয়ার খবরটি শুনেছি।’
এ ব্যাপারে জানতে বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবিরের সরকারি ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে ১৬ সেপ্টেম্বর সীমান্তের হেডম্যানপাড়ার অন্ন্যাই তংচঙ্গা নামে এক যুবক গুরুতর আহত হন। মাইন বিস্ফোরণে তার এক পা উড়ে যায়।
প্রবা/এইচকে/জেও