শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৯:৩২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৯:৪২ পিএম
নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত টঙ্গীর সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহেল হাসান সোহাগ, জুলহাস আলী রকি, শাহিনুল ইসলাম শাহীন এবং রাইসুল ইসলাম রতন। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহিদুল ইসলাম হত্যা মামলায় প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে এজাহারভুক্ত হানিফ, মাজহারুল ইসলাম ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। মাজহারুল ও রাসেল রিমান্ডে রয়েছে।
শ্রমিক নেতা শহিদুল ইসলামের হত্যার পর বেশ কয়েকটি সংগঠন জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকেই মামলাটি হয়েছে।
এমনকি শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও। আজ সকালে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জবাবে আইনমন্ত্রী প্রতিনিধি দলকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন।
গত ২৫ জুন টঙ্গীর ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড’ নামে পোশাক কারখানায় বেতন ও ঈদ বোনাস নিয়ে শ্রমিকদের অসন্তোষ চলছিল। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলতে ওই কারখানায় যান। আলোচনা শেষে শহিদুল রাত ৮টার দিকে কারখানা থেকে বের হলে অতর্কিত হামলা চালানো হয়। আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রাতেই তিনি মারা যান।