সিলেট অফিস
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৮:০৬ পিএম
বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধিদল। প্রবা ফটো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সঙ্গে নগর ভবনে এ বৈঠক হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল সিলেটে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। এ সময় তারা সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩-এর ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতিবিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্ট্রিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি হেলিন এন্ডারলিন, তানজা নাদের, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও আইটি কনসালট্যান্ট মো. সাদাত হোসেন খান উপস্থিত ছিলেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আগে সাত সদস্যের একটি অনুসন্ধানী মিশন সিলেট সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করেছে। এ সময় প্রতিনিধিদল জানতে চেয়েছে—২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে কি না, কত শতাংশ ভোট পড়েছে এবং নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দপ্তরের সঙ্গে সিসিকের সমন্বয় ছিল কি না।