সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৮:১০ পিএম
পৌরশহরে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং করা হয়েছে। প্রবা ফটো
সুনামগঞ্জের পৌরশহরে আদালাতের নির্দেশে পাঁচটি খাল দখলদারদের উচ্ছেদ করতে শহরে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিভিন্ন পাড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এই মাইকিং করা হয়।
মাইকিংয়ে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশে সুনামগঞ্জ পৌরসভার ভেতরে অবস্থিত পাঁচটি খাল দখলদারদের উচ্ছেদ করা হবে। খালগুলো হলো- কামার খাল, তেঘরিয়া খাল, বড়পাড়া খাল,নলুয়াখালী খাল এবং বলাইখালী খাল। এসব খালে দখল করা স্থাপনায় লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে।
যারা অবৈধভাবে এসব খালে স্থাপনা নির্মাণ করে ব্যবসা কিংবা বাস করে আসছেন, তাদের আগামীকাল শুক্রবারের মধ্যে নিজ দায়িত্বে মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করেছে প্রশাসন। আগামী শনিবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘শহরের পাঁচটি খাল উদ্ধারে আমরা শনিবার থেকে অভিযান শুরু করব। বৃহস্পতিবার শহরজুড়ে মাইকিং করা হয়েছে। সেখানে খাল থেকে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগের অপসারনের জন্য অনুরোধ করা হয়েছে। এই মাইকিং শুনে ইতোমধ্যে অনেকেই নিজেদের স্থাপনা ভাঙা শুরু করে দিয়েছে।'