বরিশাল অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২০:৩৯ পিএম
সংগৃহীত ফটো
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশে ধাওয়ায় পালাতে গিয়ে রফিক হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ভাল্লুকশী গ্রামে এ ঘটনা ঘটে। রফিক হাওলাদার গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের মনু মিয়া হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রফিকসহ কয়েকজন মিলে রাস্তার পাশে বসে তাস খেলছিলেন। এ সময় ওই পথে গৌরনদী মডেল থানা পুলিশ যচ্ছিল। পুলিশ তাদের রাস্তার পাশে বসে তাস খেলতে নিষেধ করে। এর কিছুক্ষণ পর পুলিশ সেই পথ ধরে গৌরনদীতে ফিরছিল।
পুলিশ নিষেধ করার পরেও একই স্থানে বসে তাস খেলায় গৌরনদী থানার এসআই হক সিকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালানোর সময় রফিক পাটক্ষেতের মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গৌরনদী থানা এলাকার মাগুরার নামক গ্রামে যেতে হলে আগৈলঝাড়ার ভাল্লুকশী গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। গৌরনদী থানা পুলিশের একটি দল মাগুরার দিকে যাচ্ছিল একটি অভিযানে। যাওয়ার পথে রাস্তার উপরে বসে কিছু যুবককে তাস খেলতে দেখে তারা নিষেধ করে।
পুলিশ নিষেধ করার পরেও একই স্থানে বসে ওই যুবকরা তাস খেলছিল। পুলিশকে ওই রাস্তা দিয়ে ফিরতে দেখে ওই যুবকরা ভয়ে দৌড়ে পালানোর সময় রফিক নামে একজন পাটক্ষেতের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।