শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৬:৫০ পিএম
প্রবা ফটো
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামিকে জামিন দেননি আদালত। তারা মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে দেন আদালতের বিচারক তানভীর আহমেদ।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল ইসলাম, আন্দোলন সরকার ও মকবুল হোসেন।
গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন গোলাম রাব্বানী নাদিম। তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।
ঘটনার পরদিন ১৫ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বহিষ্কৃত) মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনও পলাতক। আর গ্রেপ্তার হয়েছেন ১৬ জন।