সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৬:০৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৬:১৯ পিএম
খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। প্রবা ফটো
সুনামগঞ্জ শহরে জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী থেকে জেলা শহরের ভেতরে প্রবাহিত কামারখালসহ পাঁচটি খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবী সমিতি।
রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনের সড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো.আফতাব উদ্দিন, মো. রইছ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইছ রোকেশ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বুরহান উদ্দিন দোলন, জেলা সিপিবির সভাপতি এনাম আহমেদ।
তৈয়বুর রহমান বাবুল বলেন, একসময় সুনামগঞ্জ শহরে বড়পাড়া খাল, তেঘরিয়া খাল, কামারখাল, বলাইখালী খাল, নলুয়াখালী খাল, ধোপাখালী খাল ও ঘাবরখালী খাল এই সাতটি খাল ছিল। এখন এই সাত খালের পাঁচটির অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। অল্প বৃষ্টি হলেই সুনামগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মূল কারণ বর্তমানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা মাটি ভরাট করে, দখল করে রেখেছেন। গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, ঘর-বাড়ি, স্কুল,মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই শহরের পয়োনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, অল্পবৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা অতীতে ছিল না।
কামারখালসহ পাঁচটি খাল পুরুদ্ধারে গত ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালত রায় দেয়। রায়কে সাধুবাদ জানিয়ে তিনি জনস্বার্থে এই মামলা করায় সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে পরিবেশ ও আইনবিদ সমিতি বেলার প্রতি কৃতঞ্জতা জানান। কিন্তু উচ্চ আদালতের রায় প্রকাশের পরও উচ্ছেদে বিলম্ব হওয়ায় সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
উচ্চ আদালতের রায় বাস্তবায়নে দেরি হওয়ায় পেছনে আদালত থেকে যে দপ্তরগুলোকে খাল উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের গাফিলাতিকে দায়ী করেন তিনি।