সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১১:৫৭ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১২:০২ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের এক মামাতো ভাই। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফজাল হোসেন কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মাহমুদুল হকের ছেলে। এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘আফজাল তার নানার বাড়ি কলারোয়ার গোয়ালচাতরে বেড়াতে এসেছিল। শুক্রবার রাতে তার মামাতো ভাইয়ের নতুন পালসার বাইকে করে দুজনে ঘুরতে বের হয়। ১০টার দিকে গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
‘এতে আহত আফজালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।