প্রবা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৬:৪৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৭:০০ পিএম
শনিবার কোচ গোলাম রাব্বানী ছোটন ও কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা। ছবি : প্রবা
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও কয়েকজন খেলোয়াড় নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন। এর মধ্যে কোচ গোলাম রাব্বানী ছোটন ও কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা। আর স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে গণসংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
শনিবার (১ অক্টোবর) তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিন দুপুরে কোচ ছোটন ও কৃষ্ণা রানীকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন স্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা সংবর্ধনা দেয়।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক স্বর্ণালংকার, জেলা প্রশাসক ১ লাখ, জেলা পুলিশ ১ লাখ, জেলা ক্রীড়া সংস্থা থেকে ১ লাখ ও সংসদ সদস্য ছানোয়ার হোসেন ২৫ হাজার টাকা কৃষ্ণা রানী সরকারকে উপহার দেন। এ ছাড়া কোচ ছোটনকে ৫০ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করেন।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কৃষ্ণা রানী শুধু এ জেলার গর্ব নন ও সারা বাংলাদেশের গর্ব।
সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, এ মাঠ থেকে বড় হয়েছেন কৃষ্ণা সরকার ও ছেটন ভাই। তাই বলতে পারি নারী দলকে জয়ী করার পেছনে একমাত্র হাত রয়েছে ছোটন ভাইয়ের। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, কৃষ্ণা ও কোচ গোলাম রোব্বানী ছোটন টাঙ্গাইলের মাঠ থেকে বেড়ে ওঠা। তাই টাঙ্গাইলবাসীর গর্ব করা উচিত এমন মানুষ পেয়ে।
ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা দেওয়া হয় স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে। ছবি : প্রবা
কৃষ্ণা রানী সরকার বলেন, পৃথিবীর আলো দেখার পর কখনই সুখের মুখ দেখিনি। যেদিন বুঝতে শিখেছি, সেদিন থেকেই বাবাকে কষ্ট করতে দেখেছি। আমার এ সাফল্য কোচ ও শিক্ষকদের সহযোগিতার জন্য হয়েছে। আমি তাদের ও টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও ভালো খেলে দেশকে যেন কিছু উপহার দিতে পারি সেজন্য সবার দোয়া চাই।
কৃষ্ণার বাবা বাসুদেব চন্দ্র সরকার বলেন, মেয়ের সাফল্যে খুব খুশি হয়েছি। মানুষ ফুল নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কৃষ্ণা যেন দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারে সেই আশীর্বাদ চাই।
কোচ গোলাম রোব্বানী ছোটন বলেন, দেশের জন্য আরও কিছু করতে চাই। অনেক ভালো লাগছে নিজের জন্মভূমিতে সংবর্ধনা পেয়ে।
ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে। শনিবার দুপুরে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের সংবর্ধনা জানায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
প্রবা/আরএম/জেও/