নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৬:১৭ পিএম
কংস নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার। প্রবা ফটো
নেত্রকোণায় কংস নদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে কংস নদের মুচারবাড়ি ঘাট থেকে সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার আগে সকাল ৯টার দিকে নদের বারহাট্টা উপজেলার ফকিরা বাজার এলাকা থেকে স্বপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে কংস নদের দেওটুকুন এলাকা থেকে মাহবুব মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত তিনজন হলেন যথাক্রমে পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিন, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দেওটুকুন গ্রামের আবু সিদ্দিক ও রেণু মিয়ার ছেলে।
স্থানীয় দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, বুধবার বিকালে কংস নদের পূর্বধলা উপজেলার জামধলা বাজারঘাট ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাট এলাকায় নদ পারাপারের সময় যাত্রীবাহী নৌকা ডুবে যায়। ২০ যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অভিযান শুরু করে।
নৌকাডুবিতে মারা যাওয়া প্রত্যেকের দাফনকাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।