রংপুর মেডিকেল কলেজ
রংপুর অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৭:২০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৭:২০ পিএম
হামলার পর এলোমেলো কক্ষ। প্রবা ফটো
রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির কয়েক ঘণ্টার মাথায় সদ্য সাবেক নেতার ছাত্রাবাস কক্ষে হামলা ও ভাংচুরের খবর এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে কলেজের পিন্নু ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুলাই) মেডিকেল এলাকার ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ছাত্রলীগ নেতার নাম রাকিবুল হাসান। তিনি রমেক ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঙ্গলবার বিকালে এই কমিটি বিলুপ্ত ঘোষণা দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এর কয়েক ঘণ্টা পর রাকিবুলের ছাত্রাবাস কক্ষে হামলা হয়।
এ নিয়ে রাকিবুলের অভিযোগ, তাদের কমিটিতে কোন্দল ছিল। বিলুপ্তির খবরে একটি অংশ এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘সন্ধ্যায় ব্যক্তিগত কাজে ছাত্রাবাস থেকে বাহিরে যাই। রাতে জানতে পারি আমার কক্ষে দলের কিছু কর্মী ভাংচুর করেছে। বিষয়টি কলেজ প্রশাসন ও পুলিশকে জানিয়েছি।’
ধাপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করে দেখা হচ্ছে।’