কক্সবাজার অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৭:১৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৭:২২ পিএম
মিয়ানমার থেকে সাঁতরে আসা বাচ্চা হাতি। প্রবা ফটো
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে সাঁতরে আসা বাচ্চা হাতির সন্ধান মিলছে না। তবে বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের দাবি, হাতিটি মিয়ানমারের আবার ফিরে গেছে।
বুধবার (৫ জুলাই) বিকালে কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল থেকে বাচ্চা হাতিটির দেখা মিলছে না। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনো সময় হাতিটি আবার সাঁতার কেটে মিয়ানমারে ফিরে গেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, হাতিটি যে জায়গায় অবস্থান নিয়েছে সেখানে ঝাউবাগান ছাড়াও ঝোপ জঙ্গল রয়েছে। এটি মিয়ানমারে ফেরত না গিয়ে জঙ্গলের ভেতরেও থাকতে পারে।
গত সোমবার সকালে নাফনদী সংলগ্ন ঘোলারচর এলাকায় একটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের সদস্য হাতিটি নিরাপদে উদ্ধার করে টেকনাফের বনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দুদিনেও হাতিটিকে নিরাপদে সরানোর চেষ্টায় ব্যর্থ হয়।
ধারণা করা হয়েছিল, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের কারণে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে ঘোলারচরে আসতে পারে হাতিটি।