কক্সবাজার অফিস
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২১:১০ পিএম
কক্সবাজারের রামুতে রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার ও জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল আমাদের দেশে রাংকূট একটি অনন্য তীর্থস্থান। আমি মনে করি, সম্প্রীতির এ দেশে সকলে মিলেমিশে বাস এবং সকল অকল্যাণ দূর করবে এই জ্ঞানচর্চা কেন্দ্র। বাংলাদেশের এই প্রান্তেও মহামানব বুদ্ধ দেবের পদচারণা হয়েছিল। সম্রাট অশোক এ প্রাচীন স্থাপনাটি নির্মাণ করেছিলেন।
মঙ্গলবার (৪ জুলাই) কক্সবাজারের রামুতে রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার ও জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারে পৌঁছলে বৌদ্ধবিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথেরো স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী রাংকূট বৌদ্ধবিহার, রাংকূট পদ্মবীনা ঝুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেনসহ জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম পরিদর্শন করেন।
এ সময় জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের শিশু-শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। পরে জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের জন্য নগদ অর্থসহায়তা দেন মন্ত্রী।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ’এর আগেও এই বৌদ্ধবিহারে এসেছিলাম, এখানে যতই আসি ততই মুগ্ধ হই। এটি অনাথ শিশুদের একটি আশ্রম, যেটি আমি ইউটিউবে দেখেছিলাম। তখনোই আসার জন্য মনস্থির করেছিলাম। আজ এসে অনেক ভালো লাগল। এই শিশুরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। এই ঐতিহাসিক স্থাপনাটি যাতে স্থায়ীত্ব ও সমৃদ্ধি লাভ করে, সেক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।’
রাংকূট বৌদ্ধবিহার পরিদর্শনকালে কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দুপুরে তিন দিনের সফরে কক্সবাজার আসেন এবং মঙ্গলবার অবস্থান করে বুধবার কক্সবাজার ছেড়ে যাবেন।