আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৯:৩৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৯:৫৪ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ফটো
বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ’আমরা (আওয়ামী লীগ) স্বাধীন ও অত্যন্ত স্থিতিশীল জীবনযাপন করছি। কিন্তু বিএনপি-জামায়াতের এটা সহ্য হচ্ছে না। তারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি যদি ফের ক্ষমতায় আসে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।’
সোমবার (৩ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ’এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ’আমাদের এখন জনগণের কাছে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে। আপনারা বঙ্গবন্ধুর সৈনিক। আপনারা জননেত্রী শেখ হাসিনার শক্তি। আমি আশা করব, আপনারা স্ব স্ব জায়গা থেকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির বিরুদ্ধে বিএনপি-জামায়াতকে প্রতিহত করবেন।’
আনিসুল হক বলেন, ’২০২৩ সালের ডিসেম্বরে না হয় ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করব, আপনারা সেই লক্ষ্য মনে রেখে জনগণকে সেবা করবেন। ইনশাআল্লাহ আমি আবার নৌকার প্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে জনগণের কাছে ভোট চাইব।’
তিনি বলেন, ’আমরা যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা চাই, জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার জন্য, সেই সোনার বাংলা গড়তে চাই।’
নিজের সংসদীয় এলাকার উন্নয়নের কথা তুলে ধরে আনিসুল হক বলেন, ’১০ বছরে কসবা-আখাউড়ায় যে উন্নয়ন হয়েছে, তা বলে শেষ করা যাবে না।’
তিনি বলেন, ’আমি যে উন্নয়ন করেছি, সেটা আপনারা নিজেদের মনে করে জনগণের কাছে পৌঁছে দেবেন।’
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।