শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ০৯:৩৪ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৭:১২ পিএম
খবর পেয়ে তাৎক্ষণিক গ্রেনেডটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ। প্রবা ফটো
মাদারীপুরের শিবচরে এক ব্যক্তির ঘর থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুলাই) রাতে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচরের জয়নালের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়নালের কিশোর ছেলে তার মামা বাবু মোল্লার বাড়িতে সিনেমা দেখছিল। সিনেমায় গ্রেনেড দেখে ওই কিশোর তার মামাকে জানায়, তাদের বাড়িতেও এ রকম একটি বস্তু আছে। বিষয়টি রবিবার রাতে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের জানালে তা শিবচর থানায় জানানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিক গ্রেনেডটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেনেডটি পুরাতন মরিচা ধরা। এটি পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননের সময় এটি পায়। পরে ঘরে নিয়ে রেখে দেয়।