আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২২:০৩ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ২২:১৮ পিএম
ধামরাইয়ে কয়েক দিনের টানা বর্ষণেবিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। প্রবা ফটো
ঢাকার ধামরাইয়ে কয়েক দিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। রবিবার (২ জুলাই) বৃষ্টিতে ধামরাই পৌরসভার কালিয়াগাড়, বাগনগর, মডেল টাউন ঋষিপাড়া, তালতলা, নতুন দক্ষিণপাড়া ও ছোট চন্দ্রাইলসহ কয়েকটি এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। কোথাও ঘরের সামনে হাঁটুপানি। কারও ঘরের ভেতরে ও বাইরে পানি থইথই করছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পানি অপসারণের নালাগুলো কয়েকটি আবাসন প্রকল্প অবৈধভাবে দখল ও ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাসহ বাড়িঘরে হাঁটুপানি জমে যায়।
কফিল উদ্দিন, জালাল উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, তাদের ঘরের ভেতরে পানি ঢুকেছে। গ্যাসের চুলা পানিতে তলিয়ে গেছে। এতে চরম অসুবিধায় আছেন তারা।
ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল বলেন, ‘জলাবদ্ধতা নিয়ে খুব অসুবিধায় আছি। কয়েকটি মহল্লার পানি প্রবাহিত হতো থানা বাসস্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটার পশ্চিম পাশের সেতুর নিচ দিয়ে। দুটি আবাসন প্রকল্প তা দখল করে সামান্যতম পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।’
জানতে চাইলে পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে। অচিরেই জলাবদ্ধতা দূর হবে।’