শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৮:০২ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৮:১৪ পিএম
পূর্ব সুন্দরবনের কচিখালী থেকে রান্না করা হরিণের মাংসসহ তিন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। প্রবা ফটো
পূর্ব সুন্দরবনের কচিখালী থেকে রান্না করা হরিণের মাংসসহ তিন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ট্রলার উদ্ধার করা হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, শনিবার (১ জুলাই) দিবাগত রাতে কচিখালীর বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শুকপাড়া এলাকার বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় তিন শিকারিকে আটক করে।
আটকরা হলেন—বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের নিজাম চাপরাশি ও মিরাজ। এ সময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলে তিনি জানান।
রেঞ্জ কর্মকর্তা জানান, শিকারিদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ জবাই করে রাতেই তারা ট্রলারে রান্না করে খায় এবং অবশিষ্ট মাংস অনিস মোল্লা নামে এক শিকারির মাধ্যমে পাচার করে দেওয়া হয় বলে আটকরা স্বীকার করেছে।
এ সময় শিকারিদের কাছ থেকে রান্না করা কিছু মাংস উদ্ধার করা হয়। আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। বন বিভাগের টহল আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।