প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২২ ১৩:৩৪ পিএম
নিহত শাজমিলা জিসমাম ও তার মা শিরিন আরা চৌধুরী
অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাজমিলা জিসমাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। একই ঘটনায় তার মা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শিরিন আরা চৌধুরীও আহত হয়েছেন।
কলকাতায় বিড়লা তারামণ্ডলের কাছে রোববার (১২ই জুলাই) সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। মঙ্গলবার (১৩ই জুলাই) হাসপাতালে মারা যান জিসমাম।
নিহত জিসমাম ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং(ট্রিপল-ই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী।
কলকাতায় একসাথে যাওয়া জিসমামের বড় ভাই সাজিদান রাফসান জানান, ঈদুল আজহার দিন (রোববার) দুপুরে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা ও বোনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিসমাম চলে যান না ফেরার দেশে। মা শিরিন চৌধুরীর জ্ঞান ফিরলেও পুরোপুরি আশংকামুক্ত নন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছাত্রী জিসমাম মারা গেছেন। জিসমামের মতো একজন সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনার মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না।