ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২০:৪১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ২১:০৬ পিএম
নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। প্রবা ফটো
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে তাদের বাড়িতে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
সোমবার (২৬ জুন) সকালে বোয়ালমারী নিহতদের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দেন আব্দুর রহমান। এ সময় তিনি বলেন, ‘এ শোক বর্ণনা দেওয়ার মতো নয়, এ শোক সইবার মতো না। সত্যি কথা বলতে, কোনো শত্রুকেও যেন আল্লাহ এ ধরনের পরীক্ষায় না ফেলেন। এটাই আমরা প্রার্থনা করি।’
তিনি বলেন, ‘কী সান্ত্বনা দেব। একটা পরিবার থেকে তার স্ত্রী, সোনার মতো দুটো ছেলে ও একটি মেয়ে, শালিকা ও তার ছেলে, শাশুড়িসহ সাতজন চলে গেছে। এ পাষাণ বুক বাঁধা ছাড়া আর কিছু বলার নেই। আল্লাহপাক তাকে ধৈর্যধারণ করার ক্ষমতা দিক। যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমরা এ দোয়া করি।’
সাবেক সংসদ সদস্য বলেন, ‘আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেও এ ঘটনায় অত্যন্ত মর্মাহত। তিনি এ পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন তুশার, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিদুল প্রমুখ।
শনিবার (২৪ জুন) সকালে সাত যাত্রীসহ একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের অ্যাপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালকসহ আটজন দগ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাসকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। রবিবার দুপুরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানায় প্রাথমিকভাবে একটি জিডি করেছে হাইওয়ে পুলিশ।