চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ২০:৩৫ পিএম
সোমবার বিকালে চট্টগ্রাম মহানগরীর লাভলেইনের আবেদিন কলোনি এলাকায় অভিযান চালিয়ে চট্টলা টিভির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রবা ফটো
চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে বন্ধ করা হলো অনিবন্ধিত অনলাইন আইপি চ্যানেল চট্টলা টিভি। উদ্যোক্তা প্রমোট করার নামে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের অভিযোগ রয়েছে চ্যানেলটির বিরুদ্ধে।
সোমবার (২৬ জুন) বিকালে চট্টগ্রাম মহানগরীর লাভলেইনের আবেদিন কলোনি এলাকায় অভিযান চালিয়ে এই চ্যানেলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও হিমাদ্রী খাসীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তৌহিদুল ইসলাম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। চট্টলা টিভির বিরুদ্ধে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি এবং ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। তারা সেগুলো দীর্ঘদিন ধরে অনলাইনে (ইউটিউব ও ফেসবুক) প্রচার করে আসেছে। পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে এ প্রতিষ্ঠান আর্থিক ফায়দা নিয়ে আসছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চট্টলা টিভি জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল। এসব অভিযোগে চট্টলা টিভির অফিস বন্ধ করা হয়েছে।
চাঁদাবাজি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য চট্টলা টিভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম জেলায় অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলসমূহ বন্ধ করতে মহানগর ও উপজেলার অভিযান অব্যাহত থাকবে।