দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ২০:০৬ পিএম
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান। সংগৃহীত ফটো
দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। এবার এখানে অন্তত ৫ লাখ মানুষ জামাতে নামাজ আদায় করবেন বলে মনে করছেন আয়োজকরা।এটি মাথায় নিয়েই এরই মধ্যে বেশিরভাগ প্রস্তুতি শেষ করা হয়েছে। দূরের মুসল্লিদের অংশগ্রহণে সুবিধার জন্য থাকছে বিশেষ ট্রেন।
জামাত শুরু হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়। সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্নের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
আয়োজকরা জানিয়েছেন, ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য দিন-রাত কাজ চলছে। মিনার সংস্কার ও রঙ করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভরাট, চুনের দাগসহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষের দিকে। মাঠে লাগানো হচ্ছে পর্যাপ্ত মাইক। আশপাশের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সুসজ্জিত প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামেরা, চার স্তরের সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জামাতের প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বিশাল এ জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন নামাজে শরিক হতে। মুসল্লিরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খোলা মাঠে নামাজ আদায় করতে পারেন, এজন্য ঈদগাহ মাঠজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বাইরের জেলা থেকে মুসল্লিরা যেন জামাতে নামাজ আদায় করতে পারেন, এজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। ঈদের দিন ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পঞ্চগড় থেকে দিনাজপুর ও পার্বতীপুর থেকে দিনাজপুরে বিশেষ ট্রেন চলাচল করবে।’
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমসহ অনেকেই বক্তব্য দেন। এবার ঈদের নামাজে ইমামতি করবেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খতিব ইমাম মাওলানা সামছুল হক কাশেমী। ২০১৫ সালে নির্মাণকাজ শুরুর পর থেকে এ পর্যন্ত সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এই ঈদগাহে।
দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।