× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ দিনের কাজ শেষ এক দিনেই, টাকা আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৮:২৩ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৮:৩৮ পিএম

এ রাস্তা সংস্কারে ৪০ দিনের কাজ এক দিনে শেষ করার অভিযোগ ওঠে। প্রবা ফটো

এ রাস্তা সংস্কারে ৪০ দিনের কাজ এক দিনে শেষ করার অভিযোগ ওঠে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৪০ দিনের কাজ এক দিনেই শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর রেনেসা কিন্ডারগার্টেন স্কুল থেকে তাহের মাস্টারের বাড়ি পর্যন্ত সংস্কারকাজে এ ঘটনা ঘটে। বাকি ৩৯ দিন কাজ না করেই প্রকল্প সভাপতি ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রফিক মিয়া টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে রেনেসা কিন্ডারগার্টেন স্কুল থেকে তাহের মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে ৪ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিদিন ৫০ জন শ্রমিক এ কাজে নিয়োজিত থাকার কথা। এ কাজে শ্রমিকদের জন্য ৪০০ টাকা করে মজুরি নির্ধারণ করা হয়েছিল। 

দুলাল হোসেন, ইমতিয়াজ আহমেদ ও মো. সুমনসহ একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ৪০ দিন কাজ করার কথা থাকলেও ১০ জন শ্রমিক দিয়ে মাত্র এক দিনে ১০ ফুট সড়ক সংস্কার করেই কাজ শেষ করে দেওয়া হয়েছে। এমনকি শ্রমিকদের টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা থাকলেও প্রকল্প সভাপতি নিজেই বিকাশ থেকে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আর এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র যোগসাজশ ছিল বলে দাবি তাদের।

প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য শেখ রফিক মিয়া বলেন, ‘গ্রামে অতি দরিদ্র লোক পাওয়া যায় না। ফলে মাটি কাটার দল এনে কাজ করাতে হচ্ছে।’

দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ’ওই কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজটি বুঝে নিয়েছেন। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে’র মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, ’এই প্রকল্পে অনিয়মের বিষয়ে শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম সাংবাদিকদের বলেন, ’ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা